জাতীয়

১ মার্চে ‘জাতীয় ভোটার দিবস’ চায় ইসি

জাতীয় ভোটার দিবস ২ মার্চের পরিবর্তে ১ মার্চ নির্ধারণের প্রস্তাব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “২ মার্চের পরিবর্তে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদে চিঠি দেওয়া হয়েছে।” 

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচনবিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভায় সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর পর থেকেই বাংলাদেশে জাতীয় ভোটার দিবস উদযাপনের উদ্যোগ শুরু হয়।

এ ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস পালনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং নীতিগতভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালিত হলেও একই দিনে ‘বীমা দিবস‘ থাকায় ২০২০ সালে দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়। বর্তমানে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবারও ১ মার্চ নির্ধারণের উদ্যোগ নিয়েছে ইসি।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।