বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম আবুল মহসিন তারেক (৪৮)। তিনি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকার বাসিন্দা।
এই ঘটনায় ২ জন বাংলাদেশি আহত হয়েছেন। সেখানে একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা। এ সময় হামলার ঘটনাটি ঘটে।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার নিহতের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে রবিবার সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় আরেক বাংলাদেশি প্রাণ হারান।
জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে আবুল মহসিন তারেক ঘটনাস্থলে নিহত হন।
তারেক ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। নিহতের ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মৃত্যুর তথ্য জানিয়েছেন।