জাতীয়

কৃষিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে কৃষি, প্রাণিসম্পদ, পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে আলোকপাত হয়।

শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিকে আরো বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।”

মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “তার দেশ কৃষি খাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরো সুদৃঢ় করতে আগ্রহী। মন্ত্রীও এ বিষয় নিয়ে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন।”

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।