প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী ও কোস্টগার্ড মহাপরিচালক পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম, পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ডের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রম আরো জোরদার করার নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে কোস্টগার্ডের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক। এ উন্নয়নধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।