জাতীয়

ইশতেহার বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজ করার আহ্বান বিমানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর চিন্তা ও চেতনার বাস্তবায়নে উৎসাহের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভায় তিনি এ আহ্বান জানান। সভায় মন্ত্রী বলেন, “আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন, যাতে আমরা প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে পারি।”

একই সঙ্গে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভাগ করে কাজ করার নির্দেশনা দেন।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আগামী ছয় মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ সংস্থানের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার ওপর গুরুত্ব দেন। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।