জাতীয়

জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা, ১৩ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার

শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্ত করতে উৎসাহিতকরণ এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায়। ১৩ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার থাক‌ছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ৩টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর)। জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১.৫ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপে ৯ জন বিজয়ীকে ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।

প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের জেলা/উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।