আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে একই দিনে প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও জয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর শূন্য ঘোষিত এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, “উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যেই থাকতে চেয়েছেন বলে তিনি দাবি করেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।