জাতীয়

আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব: আসিফ মাহমুদ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব তলব করার পর নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক‌ আইডিতে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো বিএফআইইউয়ের চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। 

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, “পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।”

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।