জাতীয়

আজও হজরত শাহজালালে ২৫টি ফ্লাইট বাতিল 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কার‌ণে আকাশপথ বন্ধ থাকায় বুধবার (৪ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ‌লে বি‌দেশগা‌মী যাত্রী‌রা চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার আটটি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি ফ্লাইট রয়েছে।

এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন উড়োজাহাজ সংস্থার মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো। যুদ্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ও ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আট‌কে পড়া বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফি‌রি‌য়ে আন‌তে আজ থে‌কে দু‌টি বি‌শেষ ফ্লাইট প‌রিচালনা কর‌বে। প্রথম ফ্লাইট দুবাই‌ এর উ‌দ্দে‌শ্যে সন্ধার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছে‌ড়ে যাওয়ার কথা র‌য়ে‌ছে।

নঈমুদ্দীন