জাতীয়

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের আপিলের সময় জানাল ইসি

স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিন আপিল করা যাবে। আগামী ৬ থেকে ১০ মার্চ অফিস চলাকালীন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন প্রার্থীরা। 

বুধবার (৪ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা থেকে এই তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে এই আসনের বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করে ইসি। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় কমিশন।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনেও রিটার্নিং কর্মকর্তা যাচাই কার্যক্রম সম্পন্ন করেছেন। সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হন। তবে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকা আইনসম্মত না হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় ইসি।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।