পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা শেষে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। এতে ঈদ উপলক্ষে মোট পাঁচ দিনের ছুটি পাওয়ার কথা ছিল।
এর বাইরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকছে। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে এবার ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা সাতদিন ছুটি ভোগ করবেন। সরকারের এ সিদ্ধান্তে ঈদযাত্রায় চাপ কমবে এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।