জাতীয়

‘ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল’

পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদযাত্রা উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “কোনো বাস বা পরিবহন যদি ইচ্ছামতো ভাড়া নেয়, তাহলে তাদের রুট পারমিট বাতিল করা হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।”

মন্ত্রী যাত্রীদের উদ্দেশে বলেন, “কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”