ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে চুয়াডাঙ্গা-২ আসনে এবং সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১২ আসনে। সম্প্রতি প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রভিত্তিক ফলাফলে প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইসির তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা-২ আসনে ভোট পড়েছে ৭৮ দশমিক ২৭ শতাংশ, যা এবারের নির্বাচনে সর্বোচ্চ। অন্যদিকে ঢাকা-১২ আসনে ভোট পড়েছে ৩৭ দশমিক ৪২ শতাংশ, যা সর্বনিম্ন।
প্রতিবেদন থেকে জানা যায়, এবারের নির্বাচনে দেশের ৬০টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি। এসব আসনের বেশিরভাগই উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অবস্থিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় রায় না হওয়া পর্যন্ত এ দুই আসনের ফল ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। সেখানে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার নির্বাচনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুই হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ছিলেন ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন—প্রতিটি দল পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে।