স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকলের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে অথবা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোন করা হচ্ছে। এসব ফোনকলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রতিমন্ত্রী কিংবা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল করা হয় না এবং ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।
এ অবস্থায় ০১৮২৬০৯৫৩১৮ নম্বরসহ এ ধরনের কোনো ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।