জাতীয়

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিল হয়। এতে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকরা রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর এ আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ইফতারের আগে ও পরে প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য আলাপ করেন। এ সময় পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

রমজানের এ আয়োজনকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার (৭ মার্চ) মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “খরচ সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী একই ভেন্যুতে একই মঞ্চে দুটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছেন।”

জানা গেছে, রবিবার (৮ মার্চ) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। এছাড়া আগামী ১০ মার্চ গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানেও ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথম রোজায় রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। পাশাপাশি রমজান মাসজুড়ে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।