ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকালে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের পেশাদারিত্ব, সমন্বয় ও সহায়তার প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল (ইইউ ইলেকশন অবজারভেশন মিশন—ইইউইওএম)।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ইইউইওএমের প্রতিনিধিদল তাদের সন্তুষ্টির কথা জানান।
এ সময় তারা বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, সমন্বয়, সহযোগিতা ও দ্রুত সহায়তার কারণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কাজ সহজ হয়েছে। একই সঙ্গে এতে বাংলাদেশের নির্বাচনি পরিবেশ, নীতি ও কার্যপদ্ধতি বুঝতে পর্যবেক্ষকদের সহায়তা করেছে।
ইইউ পর্যবেক্ষক দলের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজুর আর সিদ্দিকী, রুহুল আমিন মল্লিক ও সহিদ আব্দুস ছালাম।
ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে ইইউ পর্যবেক্ষক দল।