আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রার্থী আপিল করেননি। ফলে প্রাথমিক বাছাইয়ে বৈধ ঘোষিত সব প্রার্থীই আপাতত ভোটের মাঠে থাকছেন।
মঙ্গলবার (১০ মার্চ) আপিল দাখিলের শেষ সময় পার হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম। বাছাই শেষে তাদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং এর বিরুদ্ধে কেউ আপিল করেননি।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করেছিল ইসি। পরে নতুন তফসিল ঘোষণা করে উপ-নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়।
অন্যদিকে, বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। এখানেও রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল জমা পড়েনি।
ইসি জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হলেও একই সঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকা সম্ভব না হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ এবং আগামী ৯ এপ্রিল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।