জাতীয়

নতুন সাজে জাতীয় সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু অধিবেশন

সংস্কার ও মেরামতের কাজ শেষে নতুন রূপে সাজানো হয়েছে জাতীয় সংসদ ভবন। প্রায় শতকোটি টাকা ব্যয়ে করা এই সংস্কারের পর বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। সেদিন বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হবে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন।

অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সংস্কারকাজ করেছে গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেরামত, নিরাপত্তা আধুনিকায়ন ও নতুন সরঞ্জাম কেনাসহ বিভিন্ন কাজে ব্যয় হয়েছে প্রায় শতকোটি টাকা।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ঘটনার পর জাতীয় সংসদ ভবনসহ আশপাশের কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়। সংসদ ভবন ছাড়াও এমপি ভবন, পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল ও সচিব হোস্টেল এলাকায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে জরুরি ভিত্তিতে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, টেলিফোন এক্সচেঞ্জ এবং ইন্টারনেট সংযোগ মেরামত করা হয়।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের সব ধরনের বৈদ্যুতিক সংযোগ ও মিডিয়া সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। সংসদ সদস্যদের বসার চেয়ার, বিভিন্ন অফিসকক্ষের আসবাবপত্র এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নতুন করে বসানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের সামনের মাঠ নতুন করে সাজানো হয়েছে। ঘাস কেটে সমান করা হয়েছে এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়ানো হয়েছে।

এদিকে, নিরাপত্তা জোরদারের জন্য নতুন নিরাপত্তা সরঞ্জাম কেনা হয়েছে। পাশাপাশি ৮০০টির বেশি কম্পিউটার ও নিরাপত্তা ডিভাইস সংগ্রহ করা হয়েছে। ভবনের বৈদ্যুতিক অবকাঠামোও আধুনিকায়ন করা হয়েছে। নবম তলায় থাকা চারটি বৈদ্যুতিক উপকেন্দ্রে নতুন এলটি সুইচ গিয়ার ও বাসবার ট্রাংকিং বসানো হয়েছে। বিভিন্ন সভাকক্ষ সংস্কার করা হয়েছে এবং মন্ত্রী হোস্টেল ব্লকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি স্টুডিও নির্মাণ করা হয়েছে।

মন্ত্রী হোস্টেল এলাকার জরাজীর্ণ পুলিশ ব্যারাক পুনর্নির্মাণ করা হয়েছে। ক্যাবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ এবং শপথ কক্ষ আধুনিকায়ন করা হয়েছে।

অধিবেশন শুরুর আগে আজ বুধবার জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। 

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া, আরো ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফল গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসতে যাচ্ছে। বাকি আসনগুলোতে জয় পেয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।