রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী ১২ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। দীর্ঘ ১৬–১৭ বছরের সংগ্রাম ও রক্তদানের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে এই অধিবেশন জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে।”
তিনি জানান, অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী প্রারম্ভিক বক্তব্য দেবেন। যেহেতু, এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হননি, তাই বিধি অনুযায়ী একজন সদস্যকে সভাপতিত্বের জন্য আহ্বান করা হবে। পরে সংসদ সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করাবেন। এরপর পুনরায় অধিবেশন বসে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে এবং বিভিন্ন প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন আইনমন্ত্রী। পাশাপাশি বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ সংসদের কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটিও গঠন করা হবে। এসব কার্যক্রমের পর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।
তিনি বলেন, “কার্য উপদেষ্টা কমিটির বৈঠক পরবর্তী দিন অনুষ্ঠিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলতে পারে এবং পরে ঈদ উপলক্ষে সংসদে বিরতি দেওয়া হতে পারে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদের অধিবেশন বসার পর জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং ‘জুলাই জাতীয় সনদে’ যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।”