জাতীয়

জনগণের সংগ্রাম ও ত্যাগের প্রতিফলন ত্রয়োদশ জাতীয় সংসদ: চিফ হুইপ

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে পথচলা। ত্রয়োদশ জাতীয় সংসদ সেই ধারাবাহিকতারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, “জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হবে।”

তিনি বলেন, “আগামীকাল যে অধিবেশন শুরু হচ্ছে, সেটি হবে জনগণের সংসদ। এটি দেশের মানুষের অধিকার, আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান।”

সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে চিফ হুইপ বলেন,“সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি করতে চায় সরকার।”

মতের ভিন্নতা থাকলেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করাই গণতন্ত্রের সৌন্দর্য এ কথা উল্লেখ করে তিনি বলেন, “সেই লক্ষ্যেই সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরো বলেন, “জনগণের অকুণ্ঠ সমর্থনের পাশাপাশি বিরোধীদলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতাও প্রত্যাশা করা হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান সম্ভব।”

ব্রিফিংয়ের শুরুতে চিফ হুইপ শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নিহত নেতাকর্মী ও জুলাই-২৪ এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।