ত্রয়োদশ সংসদে স্পিকার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। তাদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনেই প্রথমে স্পিকারকে ও পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করায় এবং হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশন শুরু করতে একজন সভাপতি প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করার আহ্বান জানান। প্রস্তাবটি সমর্থন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধী দলের পক্ষ থেকে এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।