জাতীয়

ঈদে বিশেষ নৌসেবা, একাধিক রুটে লঞ্চ–স্টিমার চালু ১৭ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে চালু হ‌চ্ছে বিশেষ  নৌসেবা। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতকল্পে এ‌দিন থে‌কে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চলাচল কর‌বে।

নৌপথে চলাচলকারী যাত্রীদের জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করা যা‌বে।

বৃহস্প‌তিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় এ তথ‌্য জানায়।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, বিশেষ নৌসেবার আওতায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল নৌরুটে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঢাকাস্থ বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সীগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর-১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।