জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

মন্ত্রিসভায় দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অতিরিক্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে এই দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

এর আগে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ পদত্যাগ করে জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন মন্ত্রী হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রীর শপথ পড়ান। 

রাতে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল পদত্যাগ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেওয়ায় পদটি শূন্য হয়। এরই প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অতিরিক্তভাবে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনি এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।