জাতীয়

ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া সরকারের কাজ: তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের সরকারের কাজ।”

বৃহস্পতিবার (১২ মার্চ) কেবল অপারেটর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা এখন ইন্টারনেট ভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি। আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সারা পৃথিবীতে কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জ এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।” 

তিনি বলেন, “প্রযুক্তিগত ভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে, তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে।” 

তথ্যমন্ত্রী  বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতাদের প্রতি অনুরোধ জানান। 

জহির উদ্দিন স্বপন বলেন, “তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্প খাতে সংশ্লিষ্ট পক্ষগুলির সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা।”

তিনি কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যা সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।