রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা থাকায় আজকের জুমা হতে পারে চলতি বছরের জুমাতুল বিদা। এই কারণে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের সকাল থেকেই নামাজ আদায়ে ঢল নামে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদমুখী হন। জুমার নির্ধারিত সময়ের আগেই মসজিদের মূল নামাজঘর, বারান্দা ও চত্বর মুসল্লির উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
স্থান সংকুলানের কারণে অনেক মুসল্লি আশপাশের সড়ক ও ফুটপাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কেউ কেউ আগেভাগে হাতের জায়নামাজ নিয়ে এসে অবস্থান নেন, যাতে জামাতে শরিক হতে কোনো অসুবিধা না হয়।
রমজানের জুমাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে মুসল্লিরা দূর-দূরান্ত থেকে মসজিদে সমবেত হন। অনেকে পরিবার-পরিজন নিয়ে নামাজে অংশ নেন। মুসল্লিদের একজন মনির হোসেন বলেন, “রমজানে জুমার নামাজ আদায় করলে আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় আমি জাতীয় মসজিদে উপস্থিত হই।”
জুমাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এবং প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হয়।
জুমার খুতবায় রমজানের যাকাতের তাৎপর্য, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও সংযমের গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।