জাতীয়

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার: রেলমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ১২৪টি মিটারগেজ ও ১৪টি ব্রডগেজ কোচ সংযোজন করেছে। পাশাপাশি নিয়মিত সার্ভিসের বাইরে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। সড়ক ও নৌপথেও যাত্রী পরিবহন সুশৃঙ্খল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, ঈদ উপলক্ষে শুরু হওয়া ঘরমুখো মানুষের যাত্রা এখন পর্যন্ত মোটামুটি স্বস্তিদায়ক রয়েছে। অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির সময় যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও নির্ধারিত নিয়ম অনুযায়ী টিকিট বিক্রি হয়েছে।

রেলমন্ত্রী বলেছেন, “৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে। বুকিংয়ের পর নির্দিষ্ট সময় পেমেন্টের সুযোগ থাকায় অনেক সময় টিকিট বুক অবস্থায় থাকায় অন্যদের অপেক্ষা করতে হয়েছে।”

তিনি আরো জানান, ঈদযাত্রার প্রথম দিনে ২১টি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। অধিকাংশ ট্রেন সময়মতো চলছে।

মন্ত্রী বলেন, “মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এ চাপ সামাল দিতে পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পাশাপাশি বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগও নেওয়া হয়েছে।”

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়লেও গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চললেও অন্তত দুই লেন দিয়ে যান চলাচল অব্যাহত রাখা হয়েছে। এতে যান চলাচল কিছুটা ধীর হতে পারে, তবে কোথাও সম্পূর্ণ থেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।”

পরে তিনি মতিঝিলে বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন এবং ডিপোর পরিচ্ছন্নতা বজায় রাখা ও ঈদ উপলক্ষে বিআরটিসির বাস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।