জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী নিহত 

ঢাকার হাতিরঝিলের মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ ৩ নং গলির প্রফেসর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে ওই নারীকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, রাত প্রায় ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাশেদা। এ সময় এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। বাড়ির কাছে একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেওয়াল থেকে ইট ভেঙে পড়ে তার মাথায় আঘাত লাগে।

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদার স্বামীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি গাইবান্ধার দুর্গাপুরে। মধুবাগে তারা ভাড়া থাকতেন।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।