জাতীয়

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। 

রবিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতিই এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেওয়া হবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরো বলেন, “এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারীর নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের দেশ।”

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই প্রথম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অন্তর্ভুক্ত করেন এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করেন।”

তিনি জানান, এসব উদ্যোগের ফলেই বর্তমানে মেডিকেল কলেজে শিক্ষার্থীদের প্রায় ৬২ শতাংশই নারী।

জাহিদ হোসেন আরো বলেন, “অধিকার সবার জন্য। গণতন্ত্রের আড়ালেও স্বৈরাচার থাকতে পারে, যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। দীর্ঘদিন আমরা অধিকারবঞ্চিত ছিলাম বলেই এখনো নারী অধিকার নিয়ে কথা বলতে হয়। আমরা এমন একটি দেশ চাই, যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে হবে না।”