জাতীয়

দুই আসনের উপ-নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা: ইসি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের তিন দিন আগে থেকেই এসব ক্যামেরা সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা নির্বাচনের তিন দিন আগে থেকেই চালু রাখতে বলা হয়েছে। যেসব কক্ষে সিসি ক্যামেরা আছে, সেসব কক্ষেই ভোট গণনা সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষ হওয়ার পর ক্যামেরায় ধারণ করা ফুটেজ সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচন আয়োজন করা হচ্ছে।

বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। তবে, সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।