জাতীয়

১২ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার ( ১৫ মার্চ)  সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরা। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরো বলেন, “তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”