জাতীয়

‘ভোটের কালি মুছার আগেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু’

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, “ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।”

তিনি বলেন, “আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করছেন।”

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, “বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন, বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।”

তিনি দাবি করেন, “বিএনপির নির্বাচনি ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।”

নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। আরো উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদসহ অন্যরা।