পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। নাড়ির টানে প্রিয়জনের কাছে ফিরতে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছেন হাজারো যাত্রী, ফলে স্টেশনজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সরকারি সাত দিনের ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন এলাকায় ছিল যাত্রীদের ভিড়। তবে স্বস্তির খবর হলো নির্ধারিত সময় মেনেই ছেড়ে যাচ্ছে সব ট্রেন।
স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। কারও হাতে বড় বড় ব্যাগ, কেউ আবার সন্তানদের নিয়ে ব্যস্ত ট্রেন ধরতে। সব মিলিয়ে পুরো স্টেশন এলাকায় তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
যাত্রীরা জানান, বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করার আনন্দই আলাদা।
রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠা যাত্রী সোহাগ মাহমুদ বলেন, “সারা বছর ঢাকায় চাকরি করি। ঈদের সময় বাড়ি যাই। ট্রেন সময়মতো ছাড়ছে।”
খুলনাগামী আরেক যাত্রী পারভেজ হোসেন বলেন, “ঈদের সময় বাসে অনেক ভিড় থাকে, তাই ট্রেনে যাতায়াত তুলনামূলক স্বস্তির।ট্রেন সময় মত ছাড়ার কথা রয়েছে।কিছুটা দুশ্চিন্তা মুক্ত আছি"
ময়মনসিংহগামী যাত্রী আঞ্জুমা বেগম বলেন, “ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করা কঠিন হয়। তাই ট্রেনে যাই। আশা করছি নির্বিঘ্নেই বাড়ি পৌঁছাতে পারব।”
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেড়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ট্রেনের শিডিউল স্বাভাবিক থাকে। এখন পর্যন্ত সব ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী স্টেশন ছেড়ে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও সেবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্টেশনে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের সুষ্ঠুভাবে ট্রেনে ওঠানামা নিশ্চিত করতে প্ল্যাটফর্মে বাড়তি নজরদারি রাখা হয়েছে।