আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তির শিকার হলে সরাসরি জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যাত্রীসেবা, টিকিট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
শিমুল বিশ্বাস বলেন, “ঈদ যাত্রাকে সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। কোনো অনিয়ম চোখে পড়লে বা ভোগান্তি হলে আমাকে সরাসরি জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।”
তিনি জানান, গাবতলীসহ দেশের বিভিন্ন বাস টার্মিনালে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বাড়তি সতর্ক রয়েছে। একই সঙ্গে মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, “বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ, র্যাব, স্বেচ্ছাসেবক এবং পরিবহন মালিক সমিতির সমন্বয়ে যৌথভাবে কাজ চলছে।” কিছু ক্ষেত্রে বিলম্ব থাকলেও সমন্বিত উদ্যোগের ফলে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি ঈদকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।