বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিকে ‘ভুঁইফোড় সংগঠন’ আখ্যা দিয়ে তাদের ‘বিভ্রন্তিমূলক’ তথ্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ পরিষদ দাবি করছে যে, ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে যানজট কমানো, চাঁদাবাজি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে ঢাকা মহানগরীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক মনিটারিং করেছে।
প্রতিটি টার্মিনালে র্যাব, পুলিশ, বিজিবি, বিআরটিএ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মনিটরিং ক্যাম্প বসানো হয়েছে। প্রতিটি টার্মিনালে বিশৃঙ্খলা এড়াতে মালিক-শ্রমিক যৌথভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোনো যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। যদি কোনো বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের দায়ে এক বাস কাউন্টারের ম্যানেজারকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার, প্রশাসন, সড়ক পরিবহনের মালিক-শ্রমিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামে কথিত সংগঠনের জনৈক মোজ্জামেল হক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামের কোনো জনসচেতনতামূলক ব্যানার, পোস্টার বা সংগঠনের নেতাদের কোথাও কার্যক্রম পরিলক্ষিত হয়নি। এটা কাগজে-কলমে ভুঁইফোড় সংগঠন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
এর আগে যাত্রী কল্যাণ সমিতি বলেছে, দূরপাল্লার বাস, রাজধানীর গণপরিবহন ও নৌযানে এবারের ঈদযাত্রায় ভোগান্তির পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ করবে।