পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। এ সময় তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
যাত্রীদের হয়রানি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পল্টুন দখলের কারণে এ সময় ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে যাত্রীদের নৌকা দিয়ে লঞ্চে পারাপার করার দায়ে ৬ জন নৌকাচালককে আটক করা হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি যাত্রীসাধারণকে সচেতনভাবে চলাচল করার আহ্বান জানান এবং যে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেন।
এদিকে, গতকালের লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
নৌপরিবহন মন্ত্রণালয় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।