জাতীয়

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দুটি গুরুত্বপূর্ণ সেতু 'পদ্মা সেতু ও যমুনা সেতু'তে টোল আদায় ও যানবাহন পারাপারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঈদযাত্রাকে ঘিরে নেওয়া সমন্বিত প্রস্তুতি ও ব্যবস্থাপনার ফলেই এ সাফল্য এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এ সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা আগের বছরের ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকার তুলনায় বেশি।

অন্যদিকে, যমুনা সেতুতেও এক দিনে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড হয়েছে। ১৮ মার্চ এক দিনে ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা গত বছরের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টির চেয়ে বেশি। একই দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। গত বছর এই অঙ্ক ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগাম পরিকল্পনা ও নিবিড় তদারকি জোরদার করা হয়েছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যানবাহনের চাপ বাড়লেও এ বছর বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। এটি সেতু ব্যবস্থাপনার দক্ষতা ও সমন্বয়েরই প্রতিফলন।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু এলাকায় টোল আদায়কারীদের প্রশিক্ষণ ও দক্ষ জনবল নিয়োগ, সব টোল লেন সচল রাখা, মোটরসাইকেলের জন্য আলাদা লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি (ইটিসি) চালু, মাওয়া ও এলেঙ্গা বাস বে উন্মুক্ত রাখা, সিসিটিভির মাধ্যমে ট্রাফিক পর্যবেক্ষণ, সার্বক্ষণিক মনিটরিং টিম, দ্রুত উদ্ধার কার্যক্রমের জন্য রেকার প্রস্তুত রাখা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। 

এছাড়া, সেতুর প্রতি ৫০০ মিটার পরপর নিরাপত্তাকর্মী মোতায়েন, দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালু রাখা হয়েছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, সমন্বিত এই উদ্যোগের ফলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এ সাফল্য সম্ভব হয়েছে।