জাতীয়

জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছে। পুরো এক মাস রোজা শেষে ঢাকার মুসলমানরা মিলিত হয়েছেন এখানে। 

শনিবার (২১ মার্চ) সকাল সকাল বেলা সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। 

ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন। পায়জামা পাঞ্জাবি, টুপি পড়ে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষ। শিশু-কিশোররা এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে।

জাতীয় ঈদগাহ মাঠে এবারও প্রবেশ করতে হচ্ছে সারিবদ্ধভাবে। প্রধান ফটকে বসানো আর্চওয়ে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর এই নিরাপত্তা ব্যবস্থায় অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা।

ঈদ জামাতকে ঘিরে মৎস্য ভবন, বঙ্গবাজার, পল্টন, জিপিও মোড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ বলয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করতে বেরিকেড দিয়েছে পুলিশ।

এদিকে, প্রতিবছরের মতো এবারও ঈদের দিন পাঁচটি জামাত হচ্ছে ঢাকায় বায়তুল মোকাররমে।

সকাল ৭টায় প্রথম, সকাল ৮টা দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টা, সকাল ১০টায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।