পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ ২০২৬) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে কূটনীতিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে যমুনা প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে এটি তারেক রহমান-এর প্রথম ঈদ উদ্যাপন। প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।