রাজশাহীর তানোর উপজেলার বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ প্রতিষ্ঠানের নাম বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্ক। হামলায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারের একটি ভবনে এ হামলা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের। ঘটনার পর থেকে তানোর, নাচোল, মান্দা, গোদাগাড়ী ও মোহনপুরে ডিশ লাইন বন্ধ আছে।
স্থানীয়রা হামলায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। তবে, রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। অভিযুক্ত হামলাকারীর নাম হাসান (২৫)। কুঠিপাড়া এলাকার বাসিন্দা হাসান জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
মিজানুর রহমান মিজান বলেছেন, “ঈদের ছুটির কারণে অফিস বন্ধ ছিল। প্রধান গেটের তালা ভেঙে সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে কন্ট্রোল রুমসহ পুরো অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় কোটি টাকার মেশিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণ নষ্ট হয়েছে। পুরো অফিস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কন্ট্রোল রুমের সবকিছু ভাঙচুর করার কারণে বর্তমানে আমাদের ডিস/ক্যাবল লাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে।”
তিনি বলেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। এ ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করতে হবে। কেউ ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিষ্ঠান হামলা করেছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি করছি।”
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেছেন, “ঈদের দিনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। অভিযুক্ত একজনের নাম জানা গেছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্তকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”