ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে যাত্রীসেবা আরো উন্নত করার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “যাত্রীদের ভোগান্তি কমাতে সেবার মান বৃদ্ধি ও কার্যক্রমে আরো সমন্বয় প্রয়োজন।”
ঈদের দিনে বিমানবন্দরে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন মন্ত্রী। পাশাপাশি তিনি কর্মরত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করে তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা করেন আফরোজা খানম।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান এবং সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।