জাতীয়

ঈদের ছুটিতেও পেট্রোল পাম্পে তেল নিতে ভোগান্তি

ঈদের ছুটিতেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ফলে ঈদ আনন্দের মধ্যেও ভোগান্তি পোহাতে হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেটকার চালকদের।

জ্বালানি তেল বিতরণের ওপর থেকে সরকারি রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হলেও রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে তেল নিতে গেলে আগের মতোই ভোগান্তি পোহাতে হচ্ছে।  ছুটিতে রাজধানীর অনেক এলাকায় ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।    

রবিবার (২২ মার্চ) রাজধানীর মহাখালী, বিজয় স্মরণী, তেজগাঁও ও শ্যামলী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, মেরাদিয়া এলাকার বনশ্রী ফিলিং স্টেশন, তেজগাঁও এলাকায় সিকদার ফিলিং স্টেশন ও আইডিয়াল ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রয়েছে। তবে তেজগাঁও এলাকার মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন এবং মহাখালী এলাকার ক্লিন ফুয়েল স্টেশনে দীর্ঘ সারিতে যানবাহনে তেল দেওয়া হচ্ছে। ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেবার জন্য ব্যক্তিগত গাড়ি ও মটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত পৌঁছে গেছে। ফিলিং স্টেশনগুলোতে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।

রামপুরা মহানগর প্রজেক্ট নিবাসী ফিরোজ আহমেদ বলেন, “ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে সবসময় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এই পাম্পের তেল ভালো। তাই কিছুটা ভোগান্তি পোহালেও এখান থেকেই তেল নেই।”

মেসার্স সততা অ্যান্ড কোম্পানির ফিলিং স্টেশনে তেল নিতে আসা হাফিজুর রহমান বলেন, অন্যান্য ফিলিং স্টেশনের তুলনায় এখানে একটু কম ভিড় হয়। তাই এ পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে থাকি। কিছুটা ভোগান্তি হলেও কিছু করার নেই বলে জানান তিনি।  এদিকে ট্রাস্ট ফিলিং স্টেশনের একজন কর্মী বলেন, “তেলের কোনো সংকট নেই। সিরিয়াল অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।”