জাতীয়

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক    

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

র‌বিবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে মন্ত্রী এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কুমিল্লার পদুয়ারবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেল ক্রসিংয়ে শনিবার (২১ মার্চ) দিবাগত ভোররাতে বাস ও ট্রেনের সংঘর্ষে র ১২ জন নিহত হন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।