জাতীয়

ঈদের ছুটি শেষে খুলেছে সচিবালয়, উপস্থিতি কম

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন সময়সূচিতে শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। তবে ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি  তুলনামূলক কম। অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে রয়েছেন, কেউ কেউ নিয়েছেন অতিরিক্ত ছুটি।

গত ২১ মার্চ উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হওয়া টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হয় সোমবার (২৩ মার্চ)। দীর্ঘ এই ছুটিতে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ গ্রামের বাড়িতে সময় কাটান।

মঙ্গলবার সচিবালয়ে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি কর্মচাঞ্চল্য দেখা যায়নি। বেশ কিছু দপ্তরে কর্মকর্তা উপস্থিত থাকলেও অনেক কক্ষে দেখা গেছে ফাঁকা চেয়ার। গুরুত্বপূর্ণ ফাইলের কাজ সীমিত পরিসরেই চলছে।

সচিবালয়ের অর্থ বিভাগের এক উপসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অনেকেই এখনো ঢাকায় ফেরেননি। যারা এসেছেন, তারাও ধীরে ধীরে কাজে ফিরছেন। আজকে মূলত জরুরি কাজগুলোই করা হচ্ছে।” 

একই চিত্র তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী লতিফ হোসেন বলেন, “ঈদের পর প্রথম দিন এমনটা প্রায়ই হয়। অনেকে মাঝের দুই দিন ছুটি নিয়েছেন। তাই উপস্থিতি কম, তবে সপ্তাহের শেষদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

এদিকে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই মাঝের এই দুই দিন ছুটি নিয়েছেন। এ কারণে সচিবালয়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে। আগামী সপ্তাহ থেকে পুরোপুরি স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।