জাতীয়

‘সুন্দর নির্বাচনের পর ঈদ ছিল আত্মতৃপ্তির’

এবারের ঈদ জীবনের অন্যতম সেরা ঈদ উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির। 

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটি শেষে আগারগাঁওয়ের কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভায় কমিশনের কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ, নির্বাচন কমিশনার তাহমিদা বেগম, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া, কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই পুনর্মিলনীতে মিলিত হন। ‎ ‎উৎসবে আমেজে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। ‎ ‎এদিকে, শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কমিশন শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবে।

এ সময় কমিশনার আবদুর রহমানেল মাসউদ যোগ করেন, “এ বিষয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নেতৃবৃন্দের সঙ্গেও আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব।” এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।