প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করতে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ব্যাংককে এই ঋণ ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ নির্দেশনা প্রধানমন্ত্রীর আগ্রহ ও তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশেষ করে কোরিয়া, জাপান, চায়না এবং জার্মানি পাঠানো হবে।”
প্রতিমন্ত্রী আরো জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দেন, যুদ্ধের কারণে রেমিট্যান্সে বড় ধরনের প্রভাব পড়বে না, বরং ভবিষ্যতে সেখানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাবে।
তাছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদেশে শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও ভিসা ব্যবস্থাপনায় সহজতর সেবা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নুরুল হক নুর বলেন, “আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার সঙ্গে সংযোগ বাড়ানো হবে। এছাড়া, শ্রমবাজারের সমস্যা ও অন্যান্য দেশের সঙ্গে নতুন কর্মী প্রেরণের বিষয়ও ত্বরান্বিত করা হবে।”