জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ)  সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং পরবর্তীতে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।

ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সপ্তাহে বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।