সরবরাহ সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দিন-রাত গাড়ির দীর্ঘ সারি আরো দীর্ঘ হচ্ছে। তেল না পেয়ে ফিরেও যেতে হচ্ছে অনেক গাড়ি চালককে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বহুমুখী কৌশল গ্রহণ করলেও সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে সংকট সমাধানে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় দেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে ঈদের ছুটি ঘিরে সরবরাহ ব্যবস্থায় যে সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে এবং তার প্রভাব মাঠপর্যায়ে কীভাবে পড়ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক রাখা, গুজব নিয়ন্ত্রণ এবং ভোক্তা পর্যায়ে আস্থা ফিরিয়ে আনতে করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, আজও ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের চিত্র দেখা যাচ্ছে। ঈদের আগে জ্বালানি তেল দেওয়ার ক্ষেত্রে রেশনিং তুলে দেওয়ার পর পরিস্থিতির একটু উন্নতি হলেও ঈদের দিন রাতে থেকেই তা আরো নাজুক হয়ে পড়েছে।
ঢাকা/এএএম/ইভা