ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরো সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়েই ভোটারের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক যাচাই করা যাবে।
বুধবার (২৫ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “এতদিন আঙুলের ছাপ যাচাইয়ের সুবিধা মূলত উপজেলা নির্বাচন অফিস বা কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল। ফলে নাম, পিতা-মাতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের জন্য আবেদনকারীদের একাধিক দপ্তরে যেতে হতো। এতে করে ভোগান্তি ও সময় দুটোই বাড়ত।”
তিনি আরো বলেন, “আগে আঞ্চলিক পর্যায়ে ‘এফআইএস ম্যাচিং’ বা বায়োমেট্রিক যাচাইয়ের সুযোগ ছিল না। তবে এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”