জাতীয়

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনই স্বাধীনতার মূলমন্ত্র: ধর্মসচিব

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেছেন, “নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই স্বাধীনতার মূলমন্ত্র। সরকারি কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়েই স্বাধীনতা দিবসের অঙ্গীকার বাস্তবায়ন করা উচিত।”

বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব আরো বলেন, “একই ভাষা, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের মিল থাকা সত্ত্বেও আমাদের জাতীয় ঐক্যে এখনো ঘাটতি রয়েছে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন।

এতে আরো বক্তব্য দেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আলেম-ওলামারা অংশ নেন।

আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মোঃ আবু ছালেহ পাটোয়ারী।