জাতীয়

স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ যোহর দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। 

মোনাজাতে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়।  শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।

এর আগে দুপুর ১২টায় হাফেজদের মাধ্যমে কোরআন তিলাওয়াত শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

দোয়া অনুষ্ঠা‌নে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী মোনাজাতে অংশ নেন। 

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারসমূহে অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।